কর্মজীবী নারীদের ‘অবমাননার’ প্রতিবাদে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
ডা. শফিকুর রহমানের অ্যাকাউন্টের পোস্টকে ‘নারীবিদ্বেষী’ আখ্যা দিয়ে কঠোর শাস্তির দাবি সাধারণ শিক্ষার্থীদের।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে করা একটি কথিত মন্তব্যের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঝাড়ু ও মশাল মিছিল করেছে একদল শিক্ষার্থী। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বটতলায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল থেকে জামায়াত আমীরের বক্তব্যের তীব্র সমালোচনা করে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, ডা. শফিকুর রহমানের অ্যাকাউন্ট থেকে করা পোস্টে আধুনিকতার নামে নারীদের ঘরের বাইরে বের হওয়াকে ‘নৈতিক অবক্ষয়’ এবং ‘বেশ্যাবৃত্তির অন্য ধরন’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, দেশের অর্ধেক ভোটার নারী এবং রাষ্ট্র বিনির্মাণে তাদের ভূমিকা অনস্বীকার্য। একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদের এমন ‘নোংরা ও কুরুচিপূর্ণ’ বক্তব্য নারীদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
সমাবেশে ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা বলেন, আইডি হ্যাক হওয়ার যে দাবি জামায়াতের পক্ষ থেকে করা হচ্ছে, তা একটি পুরনো অজুহাত। ৫ই আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন সভা-সমাবেশে নারীদের যেভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে, এই ঝাড়ু মিছিল তারই সম্মিলিত প্রতিবাদ। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশে বসে নারীদের সম্মানহানি করে কোনো রাজনৈতিক দল পার পাবে না। তারা অবিলম্বে এই বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা এবং জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
















