জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘দেশ স্বাধীনের পর ৫৪ বছর তিনটি দল দেশটি লুটেপুটে খেয়েছে। এবার শান্ত হও এবং দাঁড়িপাল্লাকে দেশ চালাবার সুযোগ দাও। ১২ ফেব্রুয়ারি আপনারা হ্যাঁ-ভোট এবং দাঁড়িপাল্লায় ভোট দেবেন।’
গতকাল দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে চাঁদপুর-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান মিয়ার জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলাম পরওয়ার দুঃখ প্রকাশ করে বলেন, ‘এক নেতা বলেছেন জামায়াতের নারীরা যদি ভোট চাইতে যায়, তাদের কাপড় খুলে নেওয়া হবে। ভোটের আগে যদি তোমরা মায়ের কাপড় খুলতে পারো তাহলে ভোটের পর পুরো বাংলাদেশের কাপড় খুলে নেবে। তাহলে আমাদের মা-বোনদের ইজ্জত রক্ষার্থে এই খুনিদের হাত থেকে দেশ রক্ষা করব দাঁড়িপাল্লাকে বিজয়ী করে।’
তিনি বলেন, ‘গ্রামে গ্রামে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। সেই জোয়ার দেখে আমাদের বন্ধুদের মাথা এলোমেলো হয়ে গেছে।’ গোলাম পরওয়ার বলেন, ‘নির্বাচনের দিন আপনাদের কাজ হচ্ছে ভোট কেন্দ্র পাহারা দেওয়া। এক কেন্দ্রের জন্য কমপক্ষে ২০০ লোক উপস্থিত থাকবেন।
আমরা নির্বাচন কমিশনকে বলেছি কেন্দ্রে সিসি ক্যামেরা, পুলিশকে বডি ক্যামেরা এবং সেনাবাহিনী দেওয়ার জন্য। কেন্দ্র দখল, ব্যালট বক্স ছিনতাই এগুলো করতে দেওয়া হবে না। সন্ত্রাসীরা কেন্দ্রের সামনে এলে তাদের ছবি ও ভিডিও সংরক্ষণ হবে। তাদের ধরে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
















