লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অভিযোগ তুলেছে খেলাফত মজলিস
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা জোরদারে তিন হাজার ড্রোন, সিসিটিভি ও বডি ক্যামেরা ব্যবহারের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তবে এটিকে ‘অপ্রতুল’ বলে মন্তব্য করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
আসন্ন নির্বাচনে তিন হাজার ড্রোন মোতায়েন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন। রাজধানীর নির্বাচন ভবনে গতকাল দুপুরে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বাংলাদেশ খেলাফত মজলিস–এর সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ।
মাওলানা ইউসুফ আশরাফ বলেন, “সিইসি আমাদের বলেছেন ভোটে তিন হাজার ড্রোন মোতায়েন হবে। এ ছাড়া সিসিটিভি ও বডি ক্যামেরার ব্যবস্থাও থাকবে। আমরা বলেছি, এটি অপ্রতুল।” তিনি জানান, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে দলটির পক্ষ থেকে একাধিক পরামর্শ ও অভিযোগ নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হয়েছে।
তার ভাষায়, সব রাজনৈতিক দল যেন সমান অধিকার ভোগ করতে পারে, ভোটকেন্দ্রগুলো যেন সুরক্ষিত থাকে এবং কেন্দ্র দখল বা কারচুপি না হয়—এসব বিষয়ে কমিশনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কিছু এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) পক্ষপাতমূলক আচরণের অভিযোগও তোলা হয়েছে।
সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরে তিনি বলেন, নেত্রকোনা-১ আসনের কমলাকান্দা উপজেলার ইউএনও তুলনামূলক নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছিলেন। তবে একটি দলের প্রার্থীর তদবিরের পর তাকে বদলি করা হয়েছে। ওই কর্মকর্তাকে পুনরায় বহালের দাবি জানানো হয়েছে কমিশনকে।
তিনি আরও অভিযোগ করেন, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ইউএনও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্ত করেন না এবং একপক্ষের হয়ে কাজ করছেন। পাশাপাশি ফরিদপুর-২ আসনে বিএনপির প্রার্থীর লোকজন খেলাফত মজলিসের প্রার্থীকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
মাওলানা ইউসুফ আশরাফ বলেন, “কোনো কোনো দলের প্রধান প্রকাশ্যে ফ্ল্যাট দেওয়ার মতো প্রতিশ্রুতি দিচ্ছেন, যা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। কিন্তু এসব বক্তব্যের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে বোঝা যায়, নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত হয়নি।”
বৈঠকে খেলাফত মজলিসের পক্ষে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা ফয়সাল আহমেদ এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মাওলানা হাসান জুয়ায়ের।
















