গভীর রাতে ব্লক রেড অভিযানে পুলিশের সাফল্য
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পুলিশের ব্লক রেড অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও মাদকসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ এলাকায় গভীর রাতে ব্লক রেড পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে চিত্তরঞ্জন ঘাট ও মাঝিপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযানের একপর্যায়ে আরামবাগের চিত্তরঞ্জন এলাকায় বড় পুকুরের পূর্ব পাড়সংলগ্ন কাঠ গাছের বাগানে কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে সেখানে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আটজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. মহিন (২৯), মো. সজিব (২৮), মো. রনি (৩০), মো. বাবু (৩০), মো. হাসান (২০), ইমন (২৫), শামীম (৩৩) ও জসিম (৩৮)। তাদের অধিকাংশই সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি চাপাতি, একাধিক সুইচ গিয়ার, বড় ছুরি, দ্বিধারী কুড়াল, করাত, লোহার রড, এসএস পাইপসহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয় ১০০ পুড়িয়া হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, ঘটনায় থানার উপপরিদর্শক (নি.) গাজী মাহতাব উদ্দিন বাদী হয়ে গ্রেফতারকৃতদের পাশাপাশি আরও দুই পলাতক আসামি ও অজ্ঞাতনামা ৮–৯ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
তিনি আরও জানান, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
















