পোস্টাল ভোট অ্যাপ ও নির্বাচন–সংক্রান্ত বিষয়ে আলোচনা
৬৩টি নিবন্ধিত দলের প্রতিনিধিদের আমন্ত্রণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বিকাল ৪টায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দেশের নিবন্ধিত মোট ৬৩টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকে মূলত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের কার্যাবলি, ব্যবহার পদ্ধতি এবং এ সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে।
সভায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন–এর পাশাপাশি অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এর আগে বিকাল ৩টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস। এ সাক্ষাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পারস্পরিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এদিকে নির্বাচন কমিশনের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে সকাল থেকেই মনোনয়নপত্র প্রত্যাহারের কার্যক্রম চলছে। কমিশন জানিয়েছে, আজ বিকাল ৫টার পর মোট কতটি মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে, সে সংক্রান্ত চূড়ান্ত তথ্য জানানো হবে।
















