নির্বাচন সুষ্ঠু করতে আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনে কড়াকড়ি, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নিষেধাজ্ঞা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বৈধ আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে আগামী ৩১ জানুয়ারির মধ্যে সব বৈধ অস্ত্র নিকটস্থ থানায় জমা দিতে হবে।
গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের অস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই নিষেধাজ্ঞার আওতায় থাকা সব বৈধ অস্ত্র ৩১ জানুয়ারির মধ্যে নিকটবর্তী থানায় জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তবে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে নির্ধারিত নীতিমালা অনুযায়ী বরাদ্দ দেওয়া বৈধ অস্ত্রের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে না। একইভাবে, নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত সংসদ সদস্য প্রার্থী এবং তার জন্য অনুমোদিত সশস্ত্র রিটেইনারদের ক্ষেত্রেও অস্ত্র প্রদর্শন নিষিদ্ধকরণ-সংক্রান্ত নির্দেশনা কার্যকর হবে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্দেশনা বাস্তবায়নে দেশের সব পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় মন্ত্রণালয়।
















