জুলাই গণঅভ্যুত্থানে সহায়তার অভিযোগ, অজ্ঞাতনামা আরও দুই শতাধিক ব্যবসায়ী আসামি
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহায়তার অভিযোগে সালমান এফ রহমানসহ ২৫ জন শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহায়তার অভিযোগে সালমান এফ রহমানসহ ২৫ জন শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে অভিযোগ দাখিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে অভিযোগে অজ্ঞাতনামা আরও দুই শতাধিক ব্যবসায়ীকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে সংগঠনটির একটি প্রতিনিধি দল লিখিত অভিযোগ জমা দেয়। পরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংগঠনের সভাপতি রিফাত রশিদ।
রিফাত রশিদ বলেন, অভিযুক্ত ব্যবসায়ীরা আওয়ামী লীগকে অর্থনৈতিক সহায়তা দিয়ে গণআন্দোলন দমনে ভূমিকা রেখেছেন। তাঁর দাবি, এই অর্থের জোগানের কারণেই আন্দোলনের সময় গুলিতে প্রাণ হারিয়েছেন আন্দোলনকারীরা এবং অনলাইনে হয়রানির শিকার হয়েছেন অনেক নারী।
লিখিত অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৈঠক করেন। বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে ওই বৈঠকে গণআন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে এবং অবিলম্বে তদন্ত করে তাদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
















