মহান বিজয় দিবসে জাতীয় পতাকা হাতে একসঙ্গে প্যারাস্যুটিং, তেজগাঁওয়ে ব্যতিক্রমী সামরিক প্রদর্শনী
মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকীতে জাতীয় পতাকা হাতে একসঙ্গে প্যারাস্যুটিং করে বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ; তেজগাঁওয়ে আয়োজিত এই ঐতিহাসিক প্রদর্শনী প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রকাশঃ ১৬ ডিসেম্বর ২০২৫,রাত ৯.৩৫ আপডেটঃ ১৭ ডিসেম্বর ২০২৫, রাত ৬.৪০
মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা হাতে একসঙ্গে প্যারাস্যুটিং করে বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ। ‘টিম বাংলাদেশের’ ৫৪ জন প্যারাট্রুপার একযোগে আকাশ থেকে অবতরণ করে বিশ্বের সর্বাধিক পতাকা হাতে প্যারাট্রুপিংয়ের অনন্য রেকর্ড সৃষ্টি করেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দরসংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এই ব্যতিক্রমী ও ঐতিহাসিক আয়োজন অনুষ্ঠিত হয়। স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে আকাশ থেকে নেমে আসেন, যা বিজয়ের চেতনা ও সামরিক সক্ষমতার এক অনন্য প্রদর্শনী হিসেবে বিবেচিত হচ্ছে।
এই ঐতিহাসিক প্যারাট্রুপিং প্রদর্শনী প্রত্যক্ষ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানস্থলে উপস্থিত দর্শনার্থীদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো প্যারেড গ্রাউন্ড।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে একটি ফ্লাইপাস্ট মহড়াও অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন যুদ্ধবিমান ও হেলিকপ্টার আকাশে কসরত প্রদর্শন করে, যা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
এদিকে এই ‘এয়ার শো’ ও প্যারাট্রুপিং প্রদর্শনী দেখতে সকাল থেকেই তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে সাধারণ মানুষের ঢল নামে। আগারগাঁওসংলগ্ন প্রবেশপথে দর্শনার্থীদের দীর্ঘ সারি দেখা যায়। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করেন।

মহান বিজয় দিবসে জাতীয় পতাকা হাতে প্যারাট্রুপিংয়ের এই বিশ্ব রেকর্ড বাংলাদেশের ইতিহাসে গৌরবময় এক নতুন অধ্যায় হিসেবে যুক্ত হলো।
















