নির্বাচন বানচালের যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাস দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট : ফেজ–২’ শুরুর ঘোষণা দিয়েছে সরকার। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার করা হচ্ছে।
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট : ফেজ–২’ চালুর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে ফ্যাসিস্ট সন্ত্রাসী কার্যক্রম সম্পূর্ণ নির্মূলের লক্ষ্যে কোর কমিটি সর্বসম্মতভাবে ‘অপারেশন ডেভিল হান্ট : ফেজ–২’ অবিলম্বে শুরুর সিদ্ধান্ত নিয়েছে।
তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এ লক্ষ্যে একটি পৃথক কমিটি গঠন করা হয়েছে, যা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সম্মুখসারির যোদ্ধা ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলার ঘটনাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষায়, ওসমান হাদির ওপর হামলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার একটি সুস্পষ্ট অপপ্রয়াস। নির্বাচনকে বানচাল বা বাধাগ্রস্ত করার যেকোনো ধরনের সহিংসতা ও ষড়যন্ত্র অন্তর্বর্তী সরকার কঠোর হাতে দমন করবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এতদিন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স সাধারণত সামরিক ও বেসামরিক চাকরিজীবীদের মধ্যে সীমিত থাকলেও এবার জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ক্ষেত্রেও আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে তারা প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে এবং তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
















