বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা আইরিশ পাব ঘুরে দেখা ও মূল্যায়নের মাধ্যমে কোল্ম ড্যালটন এখন এক ধরনের বিশেষজ্ঞে পরিণত হয়েছেন। ২০১৭ সাল থেকে শুরু হওয়া তার এই যাত্রায় এখন পর্যন্ত ৫০ দেশের ১৫১টি আইরিশ পাব পরিদর্শন করেছেন তিনি। আর এবার নিজের জন্মশহর ডাবলিনের সেরা পাঁচটি পাবের তালিকা করেছেন এই ‘পাব গবেষক’।
ড্যালটন জানান, মাত্র পাঁচটি বাছাই করা তার জন্য ছিল সবচেয়ে কঠিন সিদ্ধান্তের একটি। লন্ডনে বসবাস করলেও দেশপ্রেমের টানে বছরের পর বছর আইরিশ সংস্কৃতির প্রতি তার আকর্ষণ আরও বেড়েছে। তিনি বলেন, ডাবলিনের পাবগুলোর ভিক্টোরিয়ান কাঠের ঐতিহ্য, সাহিত্য-সংস্কৃতির ছাপ এবং গিনেসের স্বাদের কারণে এগুলো বিশেষভাবে অনন্য।
তিনি বলেন, ডাবলিনে গিনেসের আসল স্বাদ পাওয়া যায় শীতকালে, আর এখানকার পাবগুলোতে এখনো মানুষের আন্তরিকতার ছাপ পাওয়া যায়, যা আন্তর্জাতিক শহর হয়েও হারিয়ে যায়নি।
নিচে ড্যালটনের বাছাই সেরা পাঁচ পাব:
- Kehoes Heritage Pub
ড্যালটনের মতে, আইরিশ পাবের সেরা মানদণ্ডের সবকিছুই রয়েছে দক্ষিণ অ্যান স্ট্রিটের এই ১৯শ শতকের পাবটিতে। জেমস জয়েসের উক্তি খোদাই করা বাহিরের অংশ, মহগনি কাঠের সাজসজ্জা, দীর্ঘদিন একই পরিবারের ব্যবস্থাপনা এবং বিখ্যাত ‘স্নাগ’—সব মিলিয়ে এটি তার নির্বাচিত ‘সেরা পাব’। এখানে গিনেসের মানও দারুণ। - John Kavanagh The Gravediggers
ডাবলিনে সর্বোত্তম গিনেসের জন্য ড্যালটনের প্রথম পছন্দ গ্রেভডিগারস। গ্লাসনেভিন সেমেট্রির পাশে অবস্থিত এই পুরনো পাবটি সাদামাটা, শান্ত এবং গিনেসপ্রেমীদের জন্য এক ধরনের তীর্থস্থান। এখানে কোনো সঙ্গীত বা টিভি নেই, শুধু নিখুঁত পানীয় আর শীতের দিনে উপযোগী ঐতিহ্যবাহী খাবার যেমন ‘কডল’ পাওয়া যায়। - Grogan’s Castle Lounge
ডাবলিনের ব্যস্ত গ্যালটন স্ট্রিটের খুব কাছেই ছোট ও আড্ডাবান্ধব এই পাবটি জনপ্রিয় আরামস্থল। শিল্পীদের আঁকা বিভিন্ন ছবি, উষ্ণ পরিবেশ, রোদেলা দিনে বাইরে বসার সুযোগ—সব মিলিয়ে এটি শহরের ভিড় থেকে একটু স্বস্তি পাওয়ার নিখুঁত জায়গা। এখানে টোস্টি স্যান্ডউইচও বেশ জনপ্রিয়। - John Fallon’s “The Capstan Bar”
ডাবলিনের ইতিহাসঘেরা পাবগুলোর মধ্যে ফ্যালনস অন্যতম, যা প্রতিষ্ঠিত হয় ১৬১৯ সালে। মধ্যযুগীয় শহরের স্মৃতি ধারণ করে রাখা কাঠের অভ্যন্তর, প্রাচীন স্নাগ এবং আধুনিকায়নহীন পরিবেশ এটিকে আলাদা করে তোলে। ড্যালটনের মতে, এখানে ঢুকলেই ইতিহাসের ছোঁয়া পাওয়া যায়। - The Cobblestone Pub
আইরিশ সংগীতপ্রেমীদের জন্য ড্যালটনের প্রিয় জায়গা কোবলস্টোন। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত এই পাবটি এখন আইরিশ ট্র্যাডিশনাল সংগীতের কেন্দ্রস্থল। ছোট ঘর, কোনো মঞ্চ নেই—শিল্পীরা জানালার পাশে বসেই পরিবেশন করেন। দর্শকদের নীরব থাকতে হয় এবং সংগীতই এখানে মূল আকর্ষণ।
ড্যালটনের মতে, ডাবলিনে আইরিশ সঙ্গীত, সংস্কৃতি এবং ইতিহাস একসঙ্গে অনুভব করতে চাইলে কোবলস্টোনের মতো স্থান আর নেই।
















