ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি ও ভূমিকম্প প্রস্তুতিতে ফ্রান্সের সহযোগিতা চায় বাংলাদেশ
স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন—আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাচনের আগে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি, ভূমিকম্প প্রস্তুতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে ফ্রান্সের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
ঢাকা,২৫ নভেম্বর ২০২৫:
ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন—অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাচনের জন্য বিশেষ প্রশিক্ষণ দিয়েছে, এবং আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বড় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন—ভূমিকম্প সচেতনতা, দুর্যোগ ব্যবস্থাপনা, উন্নতমানের ফায়ার সরঞ্জাম ও দক্ষ জনবল তৈরিতে আন্তর্জাতিক সহায়তা জরুরি।
ভূমিকম্প পরিস্থিতি নিয়ে রাষ্ট্রদূত উদ্বেগ জানালে উপদেষ্টা জানান—বিল্ডিং কোড মেনে নির্মাণ, উন্মুক্ত স্থান বৃদ্ধি এবং উদ্ধার সক্ষমতা উন্নয়নে সরকার কাজ করছে।
বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্যের প্রসঙ্গও ওঠে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান—ফ্যাসিস্ট চক্রের দোসররা দেশে-বিদেশে গুজব ছড়াচ্ছে, এবং তা মোকাবিলায় তিন মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে।
রাষ্ট্রদূত জানান—নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক অনুরোধ পেলেই ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষকদের পাঠাবে।
















