ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদর দপ্তরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারের (জেআইসি) ‘গোপন বন্দিশালা’ পরিদর্শন করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিনজন বিচারপতি।
আজ শনিবার সকাল সোয়া ১১টার দিকে তারা পরিদর্শন শুরু করেন।
ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজার নেতৃত্বে এই পরিদর্শন দলে আরো ছিলেন চিফ প্রসিকিউটর এবং আসামিপক্ষের আইনজীবীরাও।
এর আগে গত শনিবার উত্তরায় র্যাব পরিচালিত ‘বন্দিশালা বা গুমঘর’ পরিদর্শন করেন তারা।
প্রসিকিউশন জানায়, র্যাব এবং ডিজিএফআই পরিচালিত বন্দিশালায় গুম করে রাখার অভিযোগে দুটি মামলা বিচারাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে এসব ‘বন্দিশালা’ পরিদর্শন করছেন বিচারপতিরা।
জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেআইসিতে ২৬ জনকে বন্দি রাখে নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারেক সিদ্দিকীসহ মোট আসামি ১৩ জন। এর মধ্যে ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তারা রয়েছেন ১০ জন। তাদের মধ্যে এক মেজর জেনারেল ও দুই ব্রিগেডিয়ার জেনারেল গ্রেপ্তার রয়েছেন।
এই মামলায় ‘গুমের শিকার’ সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আল আযমী, হাসিনুর রহমান, মারুফ জামানসহ আরো অনেকেই এরই মধ্যে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন।
















