পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিক ও শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতা–কর্মীর বিরুদ্ধে। শনিবার রাতে পৌর শহরের মাছ বাজারসংলগ্ন সদর রোড এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মোয়াজ্জেম হোসেন অভিযোগ করেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম (ফাহিম) ও সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন তাঁকে দোকান থেকে ডেকে নিয়ে মারধর করেন। তিনি দাবি করেন, কয়েক দিন আগে তাঁর ভগ্নিপতির বাড়িতে হামলার ঘটনার জের ধরেই এ হামলা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে বেল্লাল হোসেন বলেন, তিনি ঘটনার সময় বরিশালে এলএলবি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন এবং হামলার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্যসচিব জাকারিয়া আহমেদ জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন শিকদারও সাংবাদিকের ওপর হামলার ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
















