জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় গুলিতে তিনজন নিহত ও একজন আহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাবেক পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই মামলায় একজনকে যাবজ্জীবন এবং আরেকজনকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান। তারা সবাই বর্তমানে পলাতক।
এ ছাড়া রামপুরা থানার সাবেক উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনিও পলাতক। অপরদিকে রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন।
মামলায় তিনটি অভিযোগ ছিল। ২০২৪ সালের ১৯ জুলাই বনশ্রী এলাকায় মো. নাদিম হোসেনকে গুলি করে হত্যা, একই দিনে নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করে গুরুতর আহত করা এবং সাত বছর বয়সী বাসিত খান মুসাকে লক্ষ্য করে ছোড়া গুলিতে তার দাদি মায়া ইসলামের নিহত হওয়ার ঘটনা আদালতে উপস্থাপন করা হয়।
এটি জুলাই গণ-অভ্যুত্থানকেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পঞ্চম রায়। তদন্ত শেষে ২০২৫ সালে অভিযোগ গঠন, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক সম্পন্ন হওয়ার পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এই রায় ঘোষণা করা হয়।
















