গাজা উপত্যকার মধ্যাঞ্চলে একটি বেসামরিক গাড়িতে ইসরায়েলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। ফিলিস্তিনের স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের দাবি, নিহত তিনজনই পুলিশ কর্মকর্তা ছিলেন। এ ঘটনাকে যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার দেইর আল-বালাহ এলাকার মাগাজি শরণার্থী শিবিরের প্রবেশমুখে সালাহ আল-দীন সড়কে একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, ক্ষেপণাস্ত্রের আঘাতে গাড়িটিতে আগুন ধরে যায়। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও আহতদের আল-আকসা মার্টার্স হাসপাতালে নিয়ে যায়।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতরা হলেন ক্যাপ্টেন মানসুর সামি শাহতুত, ক্যাপ্টেন মোহাম্মদ খালেদ নোফাল এবং ফার্স্ট সার্জেন্ট মাহদি নাদের জাবর। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, গাজায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং পুলিশ বাহিনীকে দুর্বল করার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে।
এদিকে হামাস জানিয়েছে, যুদ্ধবিরতির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে আঞ্চলিক মধ্যস্থতাকারী ও অন্যান্য ফিলিস্তিনি পক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। সংগঠনটির দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ধারাবাহিক হামলা, মানবিক সহায়তায় বাধা এবং নতুন নতুন এলাকায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে গাজায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।















