চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কারাবন্দি মায়েদের সঙ্গে ঈদ কাটাবে ৪৫ শিশু। সর্বোচ্চ ছয় বছর বয়সী এসব শিশুর জন্য বিশেষ ঈদ উপহারের পাশাপাশি উন্নতমানের খাবারের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ২ হাজার ২৪৯ জন রাখার ধারণক্ষমতা রয়েছে। বর্তমানে বন্দী রয়েছেন প্রায় ৬ হাজার। এরমধ্যে ২১২ জন নারী রয়েছেন। তাদের সঙ্গেই এই ৪৫ জন শিশু অবস্থান করছে। ঈদের দিনে এই শিশুদের জন্য আনন্দঘন পরিবেশ তৈরি করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, কোনো অপরাধ না করলেও কারাবন্দি মায়েদের সঙ্গে থাকার কারণে কারাগারের ভেতরেই এই শিশুদের বসবাস। আমরা এই শিশুদের কাছে ঈদকে উপভোগ্য করে তুলতে চেষ্টা করছি। সব শিশুদের জন্য বিশেষ ঈদ উপহারের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে তাদের জন্য কেনাকাটাও শেষ হয়েছে। মায়েদের সঙ্গে তাদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়েছে।
















