ক্ষুদ্র অনুদানে প্রচারণা চালিয়ে স্বচ্ছ রাজনীতির বার্তা, প্রথম দিনেই ১০ হাজার টাকা সংগ্রহ
বরিশাল সদরে মাটির ব্যাংকে জমা ছোট ছোট অনুদান ভেঙে নির্বাচনি খরচ জোগাচ্ছেন বাসদ মনোনীত প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী। স্বচ্ছতা ও জনঅংশগ্রহণের রাজনীতির বার্তা দিচ্ছেন তিনি।
নির্বাচনি ব্যয় নির্বাহে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বরিশাল সদর আসনের প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী। সাধারণ মানুষের ছোট ছোট অনুদান জমিয়ে মাটির ব্যাংক ভেঙে নির্বাচনি খরচ চালানোর এই উদ্যোগ ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
শুক্রবার দুপুরে বরিশাল জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত এই প্রার্থী। তিনি বলেন, নির্বাচনি ব্যয় মেটাতে প্রথম দিনেই ১০টি মাটির ব্যাংক ভেঙে ১০ হাজার টাকা সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ৫ লাখ টাকা সহায়তা পেয়েছেন বলেও জানান তিনি।
বরিশাল-৫ আসনে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী বলেন, জনগণের অর্থেই তারা নির্বাচন করছেন এবং জনগণের জন্যই রাজনীতি করেন। কোনো কোটিপতির কাছে নির্ভরশীল না হয়ে স্বচ্ছতা ও সততার রাজনীতি প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, কালো টাকা ও দুর্নীতির প্রভাবমুক্ত নির্বাচন উপহার দিতে চান তারা। সে লক্ষ্যেই সাধারণ মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা নিয়ে নির্বাচনি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে প্রার্থীর প্রতি জনগণের দায়বদ্ধতা যেমন তৈরি হয়, তেমনি রাজনীতিতেও স্বচ্ছতার প্রতিফলন ঘটে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা। তারা বলেন, এই উদ্যোগ দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক বার্তা দেবে এবং সাধারণ মানুষের অংশগ্রহণমূলক রাজনীতিকে উৎসাহিত করবে।
বিশ্লেষকদের মতে, নির্বাচনি ব্যয়ে স্বচ্ছতা ও জনসম্পৃক্ততা বাড়াতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে বড় রাজনৈতিক দলগুলোকেও প্রভাবিত করতে পারে। এতে করে নির্বাচনি সংস্কৃতিতে অর্থের অস্বচ্ছ প্রবাহ কমার সম্ভাবনাও তৈরি হয়।
















