৩৫ সাঁতারুর সঙ্গে সফলভাবে চ্যানেল অতিক্রম, আদমদীঘিতে উচ্ছ্বাস
বগুড়ার আদমদীঘির সাঁতারু জাহিদুল ইসলাম জাহিদ ৩৫ জন সাঁতারুর সঙ্গে ‘বাংলা চ্যানেল’ সফলভাবে সাঁতরে পাড়ি দিয়েছেন। তার এই অর্জন স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
বগুড়ার আদমদীঘি উপজেলার সাঁতারু জাহিদুল ইসলাম জাহিদ ‘বাংলা চ্যানেল’ সাঁতরে সফলভাবে অতিক্রম করেছেন। তার সঙ্গে দুই নারীসহ মোট ৩৫ জন সাঁতারু এই চ্যালেঞ্জে অংশ নেন। সাঁতার শেষ করতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন জাহিদ।
জাহিদুল ইসলাম আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের হলুদঘর গ্রামের বাসিন্দা। তিনি মৃত মোফাজ্জল হোসেন খোকার ছেলে।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে শাহপরীর দ্বীপের পশ্চিম সৈকত থেকে সাঁতার শুরু করে দুপুরে ‘বাংলা চ্যানেল’ অতিক্রমের মাধ্যমে প্রতিযোগিতা শেষ করেন অংশগ্রহণকারীরা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় ক্রীড়া পরিদপ্তরের পৃষ্ঠপোষকতায় তারুণ্যের উৎসবের অংশ হিসেবে ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ নামে একটি সংগঠন এই প্রতিযোগিতার ২০তম আয়োজন করে।
জাহিদুল ইসলাম জাহিদ জানান, তিনি ঢাকায় একটি বেসরকারি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত এবং পরিবারসহ সেখানেই বসবাস করেন। সুস্থ জীবনযাপন ও পরিবেশ সচেতনতার লক্ষ্যে তিনি সাঁতার, দৌড় ও সাইকেলিংয়ের সঙ্গে যুক্ত হন। তার ভাষায়, মানুষের রোগমুক্ত ও সুস্থ থাকতে খেলাধুলায় অংশগ্রহণ জরুরি—এই বার্তা ছড়িয়ে দিতেই চাকরির পাশাপাশি এমন উদ্যোগ।
অভিজ্ঞতা বর্ণনায় তিনি বলেন, সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে হলে আগে মানসিকভাবে শক্ত হতে হয়, যা জীবনের অন্য সব অর্জনেও সহায়ক। তিনি ২০২০ সালে প্রথম ঢাকায় ম্যারাথনে অংশ নেন। এরপর সুনামগঞ্জে ১০০ কিলোমিটার আল্ট্রা রান, ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনসহ এ পর্যন্ত প্রায় ১০০টি ম্যারাথন সম্পন্ন করেছেন।
এছাড়া শুভলং চ্যানেল ও কাপ্তাই লেকে ১৪ কিলোমিটার সাঁতার, কুতুবদিয়া চ্যানেল ৭ কিলোমিটার এবং পদ্মা নদীতে ৭ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে সফল হন তিনি।
আদমদীঘির সান্তাহার শহর প্রেস ক্লাবের সভাপতি ও পৌর ক্রীড়া সংস্থার সদস্য জিললুর রহমান বলেন, পেশাদার ক্রীড়াবিদ না হয়েও জাহিদের এই অর্জন সত্যিই অনুপ্রেরণাদায়ক। ‘বাংলা চ্যানেল’ জয় করা জাহিদ আদমদীঘির গর্ব—বলেছেন তিনি।
















