রাজউক প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শেষ পর্যায়ে বিচার
আদালতে ৩২ জনের সাক্ষ্য গ্রহণ, দুদক বলছে—সর্বোচ্চ শাস্তির যথেষ্ট প্রমাণ রয়েছে
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ভাগ্নি টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ–৪ আদালতের বিচারক রবিউল আলম এই তারিখ নির্ধারণ করেন। একই সঙ্গে শেখ হাসিনা, রাদওয়ান মুজিব ববি ও টিউলিপ সিদ্দিকের আরেকটি মামলায় যুক্তিতর্কের জন্য আগামী ১৮ জানুয়ারি দিন ঠিক করা হয়েছে।
দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, এই মামলায় আদালত এখন পর্যন্ত ৩২ জনের সাক্ষ্য গ্রহণ করেছে। তাঁর দাবি, সাক্ষ্যপ্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এবং সর্বোচ্চ শাস্তির ভিত্তি তৈরি হয়েছে।
ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার একটি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ২০২৫ সালের ১৩ জানুয়ারি আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া মামলাটি করেন। এতে শেখ হাসিনা ও টিউলিপসহ ১৬ জনকে আসামি করা হয়। পরে তদন্ত শেষে ২০২৫ সালের ১০ মার্চ আরও দুইজনকে যুক্ত করে মোট ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়।
মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন রাজউক ও গৃহায়ন মন্ত্রণালয়ের একাধিক সাবেক কর্মকর্তা, সাবেক প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তৎকালীন একান্ত সচিবসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি।
রায় ঘোষণার তারিখ নির্ধারণের মাধ্যমে দীর্ঘদিনের আলোচিত এই দুর্নীতি মামলাটি এখন চূড়ান্ত নিষ্পত্তির পথে এগোচ্ছে।
















