আইএল টি-টোয়েন্টিতে ভালো ছন্দ ধরে রেখেছেন তাসকিন আহমেদ। দুবাই ক্যাপিটালসের বিপক্ষে তিন উইকেট নেওয়ার পর ডেজার্ট ভাইপার্সের বিপক্ষেও পেয়েছেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। তবে তাঁর নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও জয় পায়নি শারজা ওয়ারিয়র্স।
ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ম্যাচে তাসকিন চার ওভার বোলিং করে মাত্র ২০ রান খরচায় দুই উইকেট নেন। এই ম্যাচে তাঁর ইকোনমি রেটই ছিল টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে ভালো। তিনি আউট করেন পাকিস্তানি ব্যাটসম্যান ফখর জামান ও হাসান নেওয়াজকে। তবু শেষ পর্যন্ত শারজা ওয়ারিয়র্সকে ছয় উইকেটে হার মানতে হয়।
দুবাইয়ে টসে জিতে ব্যাটিং করতে নেমে শারজা ওয়ারিয়র্স মাত্র ১৭.৩ ওভারে ৯০ রানেই গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৩৫ রান করেন ইংল্যান্ডের টম অ্যাবল। ইথান ডিসুজা করেন ১৮ রান। বাকি কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।
স্বল্প পুঁজি নিয়ে বোলিংয়ে নেমে শুরুতেই একাধিক উইকেটের প্রয়োজন ছিল শারজার। তাসকিন বোলিংয়ে আসেন ইনিংসের দ্বিতীয় ওভারে এবং দ্বিতীয় বলেই ফখর জামানকে ক্যাচ বানান। নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে তিনি ফেরান হাসান নেওয়াজকেও। ২০ রানেই দুই উইকেট হারালেও লক্ষ্য কম হওয়ায় ভাইপার্সের ব্যাটসম্যানরা ধীরে সুস্থে ম্যাচ এগিয়ে নেন।
অধিনায়ক স্যাম কারেন ৩৭ রান করলে ডেজার্ট ভাইপার্সের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। এটি ছিল টুর্নামেন্টে ভাইপার্সের অষ্টম ম্যাচে সপ্তম জয়। ১৪ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট তালিকার শীর্ষে। অন্যদিকে শারজা ওয়ারিয়র্স সাত ম্যাচে মাত্র দুটি জয় নিয়ে অবস্থান করছে তলানিতে।
চলতি আসরে চার ম্যাচ খেলে তাসকিন নিয়েছেন ছয় উইকেট। ২০২৫ সালে সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে এখন পর্যন্ত ২৮ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৫২। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এ সময়ে তাঁর চেয়ে বেশি উইকেট পেয়েছেন কেবল মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।
















