এনইআইআর সংস্কার, সিন্ডিকেটবিরোধী পদক্ষেপ ও উন্মুক্ত আমদানির দাবিতে তীব্র বিক্ষোভ
সার্ক ফোয়ারার সামনে টায়ার পুড়িয়ে সড়ক অবরোধ; পুলিশ মোতায়েন, এলাকায় তীব্র যানজট।
ঢাকার কারওয়ান বাজার মোড়ে বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে মোবাইল ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে। সার্ক ফোয়ারার সামনে টায়ার জ্বালিয়ে তারা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট বন্ধ এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ তৈরির দাবিতে স্লোগান দিতে থাকে।

অবরোধের ফলে কারওয়ান বাজার–ফার্মগেট এলাকায় তীব্র যানজট দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও গোয়েন্দা ইউনিট ঘটনাস্থলে মোতায়েন হয় এবং আন্দোলনকারীদের সরে যেতে অনুরোধ জানায়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়।
এর আগেও একই দাবিতে গত রোববার ব্যবসায়ীরা আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে সড়ক অবরোধ করেছিলেন। তাদের অভিযোগ, ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর চালু হলে অননুমোদিত মোবাইল ব্যবহার বন্ধ হয়ে যাবে এবং বাজারে সিন্ডিকেটের প্রভাব আরও বেড়ে যাবে।
গত ৩০ নভেম্বর সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রেখে ব্যবসায়ীরা একই দাবিতে কর্মসূচি পালন করেন।
















