বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী মৌসুমে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে যে, নিবন্ধন ও মূল্যায়ন প্রক্রিয়া শেষে মোট পাঁচটি দলকে অংশগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে। একইসাথে, বিপিএলের আসন্ন আসরের ৫টি দলের মধ্যে ৩টির নামই সম্পূর্ণ নতুনভাবে সামনে এসেছে।
ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স দল পেলেও তাদের ফ্র্যাঞ্চাইজির নাম অপরিবর্তিত থাকবে কিনা, তা নিয়ে সংশয় ছিল। তবে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণায় সেই শঙ্কা দূর হয়েছে; এই দুটি দলের নাম অপরিবর্তিত রাখা হয়েছে।
চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের ফ্র্যাঞ্চাইজিগুলো নতুন নাম পেয়েছে। আসন্ন বিপিএলে এই তিনটি ফ্র্যাঞ্চাইজিকে যথাক্রমে চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স এবং সিলেট টাইটানস নামে খেলতে দেখা যাবে। বিসিবি আগেই জানিয়ে দিয়েছিল যে, ভবিষ্যতে মালিকানা পরিবর্তন হলেও এবারের বিপিএলে দলগুলোর যে নাম চূড়ান্ত করে দেওয়া হবে, সেটি আর কখনো বদলানো যাবে না।
আগামী ১৭ নভেম্বর বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিসিবি জানিয়েছে, আর কদিনের মধ্যেই বিপিএলের সূচি ও উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
ঘোষিত পাঁচ ফ্র্যাঞ্চাইজির তালিকা:
- ঢাকা ক্যাপিটালস
- চট্টগ্রাম রয়্যালস
- রংপুর রাইডার্স
- রাজশাহী ওয়ারিয়র্স
- সিলেট টাইটানস















