লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার অবৈধ কাঠ উদ্ধার,ইউপিডিএফ’র বিরুদ্ধে পাচারের অভিযোগ
খাগড়াছড়ি: খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় সেনাবাহিনীর এক অভিযানে প্রায় ৪ হাজার ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার করা হয়েছে। উপজেলার বর্মাছড়িমুখ বাজার সংলগ্ন দেওয়ানপাড়া এলাকায় পরিচালিত এই উদ্ধারকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা।
পাচারকারীরা পলাতক, বন বিভাগের কাছে হস্তান্তর
সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ এই অবৈধ কাঠ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাঠগুলো পরবর্তীতে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র আরও জানায়, বর্মাছড়িমুখ এবং এর পার্শ্ববর্তী এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) প্রভাব বিস্তারের সুযোগে অবৈধ কাঠ পাচারসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চলে আসছে। সেনাবাহিনীর এই অভিযান সেই অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে একটি বড় ধরনের পদক্ষেপ।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, গত বুধবার (২৯ অক্টোবর) গুইমারা রিজিয়নের অধীন লক্ষ্মীছড়ি জোনের সেনাসদস্যরা নিয়মিত টহল অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযানে যায়।
অপপ্রচার নিয়ে নিরাপত্তা বাহিনীর বক্তব্য
নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা জানান, জনগণের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ চোরাচালান বন্ধে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও অভিযোগ করেন যে, ইউপিডিএফ তাদের বেআইনি কর্মকাণ্ড আড়াল করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সেনা অভিযানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
















