দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করামের দুর্দান্ত অপরাজিত ৮৬ রানের ইনিংসে নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছে দলটি। টানা তৃতীয় জয়ে তারা এখন সুপার এইট পর্বে ওঠার দ্বারপ্রান্তে।
শনিবার নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৭৫ রান তোলে। দক্ষিণ আফ্রিকার হয়ে মার্কো ইয়ানসেন চারটি উইকেট নিয়ে কিউইদের শুরুর সারির ব্যাটসম্যানদের চাপে ফেলেন।
ফিন অ্যালেন ৩১ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সপ্তম ওভারের মধ্যেই নিউজিল্যান্ডের তিন উইকেট পড়ে যায়। পরে মার্ক চ্যাপম্যান ৪৮ ও ড্যারিল মিচেল ৩২ রান করে জুটি গড়ে দলকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেন। শেষদিকে জেমস নিশামের অপরাজিত ২৩ রানে দলটি লড়াইয়ের পুঁজি পায়।
১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন মার্করাম। মাত্র ৪৪ বলে চারটি ছক্কা ও আটটি চারের সাহায্যে অপরাজিত ৮৬ রান করেন তিনি। প্রথম চার ওভারেই দক্ষিণ আফ্রিকা ৬২ রান তোলে।
কুইন্টন ডি কক ২০ রান করে আউট হলেও মার্করাম নিজের ছন্দ ধরে রাখেন। মাত্র ১৯ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। প্রয়োজনীয় রানরেট ছয়ের নিচে নেমে এলে তিনি ঝুঁকি না নিয়ে রান ঘোরাতে মন দেন।
শেষ পর্যন্ত ডেভিড মিলারের অপরাজিত ২৪ রানে জয় নিশ্চিত হয়। হাতে তখনও ১৭ বল বাকি ছিল।
দক্ষিণ আফ্রিকা তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। অন্যদিকে নিউজিল্যান্ড মুখোমুখি হবে কানাডার।
















