ইতালির মিলান ও কোর্তিনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৫তম শীতকালীন অলিম্পিক। প্রায় ১৯ দিনব্যাপী এই আসরে অংশ নেবেন প্রায় ৩ হাজার ৫০০ ক্রীড়াবিদ। মোট ১১৬টি ইভেন্ট অনুষ্ঠিত হবে ১৬টি ভিন্ন শাখায়।
কবে শুরু ও শেষ
শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে শীতকালীন অলিম্পিক। বুধবার থেকে শুরু হবে বাছাই পর্ব। শনিবার দেওয়া হবে প্রথম পদক। ২২ ফেব্রুয়ারি ভেরোনার অলিম্পিক অ্যারেনায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এবারের গেমস।
উদ্বোধনী অনুষ্ঠান কোথায়
এবার প্রথমবারের মতো একাধিক স্থানে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। মূল আয়োজন হবে মিলানের ঐতিহাসিক সান সিরো স্টেডিয়ামে, যেখানে একসঙ্গে প্রায় ৮০ হাজার দর্শক উপস্থিত থাকতে পারবেন। একই সঙ্গে প্রেদাজ্জো, লিভিনিও ও কোর্তিনা দ’আম্পেজ্জোতেও হবে উদযাপন। এসব এলাকায় নিজ নিজ প্রতিযোগিতা ভেন্যুতে ক্রীড়াবিদদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ইতালি ও আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় শিল্পীরা অংশ নেবেন। উদ্বোধনী আয়োজনে যুক্ত থাকছেন এক হাজার ৩০০-এর বেশি শিল্পী ও স্বেচ্ছাসেবক।
আয়োজক শহর ও ভেন্যু
শীতকালীন অলিম্পিকের প্রধান দুটি কেন্দ্র মিলান ও কোর্তিনা। মিলান ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর, আর কোর্তিনা আল্পসের দোলোমিতি পর্বতমালার একটি অভিজাত শীতকালীন পর্যটনকেন্দ্র। এর বাইরে উত্তর ইতালির আরও কয়েকটি অঞ্চলে ইভেন্ট হবে। চারটি মূল ক্লাস্টারে ভাগ করা হয়েছে প্রতিযোগিতাগুলো—মিলান, ভ্যালতেল্লিনা, কোর্তিনা এবং ভাল দি ফিয়েম্মে। ভেরোনা শহরে হবে সমাপনী অনুষ্ঠান এবং পরে প্যারালিম্পিকের উদ্বোধন।
কীভাবে দেখা যাবে খেলা
বিভিন্ন দেশে অলিম্পিক সম্প্রচারের স্বত্ব পাওয়া টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলো গেমস সম্প্রচার করবে। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও ইউরোপের একাধিক দেশে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকবে।
গুরুত্বপূর্ণ ইভেন্ট
আলপাইন স্কিইং, ফিগার স্কেটিং, ফ্রিস্টাইল স্কিইং, স্কি জাম্পিং ও আইস হকি এবারের আসরের অন্যতম আকর্ষণ। পাশাপাশি তরুণ দর্শকদের মধ্যে জনপ্রিয় স্নোবোর্ডিংয়ের স্লোপস্টাইল, বিগ এয়ার ও হাফপাইপ ইভেন্টগুলোও বিশেষ আগ্রহ তৈরি করেছে।
নতুন ও ফিরতি খেলা
২০২৬ অলিম্পিকে প্রথমবার অন্তর্ভুক্ত হচ্ছে স্কি মাউন্টেনিয়ারিং। পুরুষ ও নারীদের স্প্রিন্ট এবং মিশ্র রিলে ইভেন্টে এই খেলা অনুষ্ঠিত হবে।
ইভেন্ট ও শাখা
এবারের শীতকালীন অলিম্পিকে থাকছে আলপাইন স্কিইং, বায়াথলন, ববস্লে, ক্রস-কান্ট্রি স্কিইং, কার্লিং, ফিগার স্কেটিং, ফ্রিস্টাইল স্কিইং, আইস হকি, লুজ, নর্ডিক কম্বাইন্ড, শর্ট ট্র্যাক স্পিড স্কেটিং, স্কেলেটন, স্কি জাম্পিং, স্কি মাউন্টেনিয়ারিং, স্নোবোর্ড ও স্পিড স্কেটিং।
তারকা ক্রীড়াবিদ
অভিজ্ঞ আলপাইন স্কিয়ার লিন্ডসি ভন যুক্তরাষ্ট্রের বড় আশা। একই সঙ্গে আলোচনায় আছেন মিকায়েলা শিফরিন, স্নোবোর্ডার ক্লোই কিম ও ফিগার স্কেটার ইলিয়া মালিনিন। স্কি জাম্পিংয়ে জাপানের রিওইউ কোবায়াশি ও স্লোভেনিয়ার ডোমেন প্রেভচ শীর্ষ দাবিদার। আইস হকিতে যুক্তরাষ্ট্র ও কানাডাকে ফেভারিট ধরা হচ্ছে। দীর্ঘদিন পর আবার অলিম্পিকে ফিরছেন এনএইচএল খেলোয়াড়রা।
পদক দৌড়ে কারা এগিয়ে
আগের দুই শীতকালীন অলিম্পিকে শীর্ষে থাকা নরওয়েকে এবারও পদক তালিকার শীর্ষে দেখা যেতে পারে। তবে যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি ও কানাডা থেকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আশা করা হচ্ছে।
নারী অংশগ্রহণ
মিলান–কোর্তিনা অলিম্পিক হবে ইতিহাসের সবচেয়ে লিঙ্গসমতাভিত্তিক শীতকালীন গেমস। নারী ক্রীড়াবিদদের কোটা ৪৭ শতাংশের বেশি। নারী ইভেন্টের সংখ্যাও এবার রেকর্ড ৫০টিতে পৌঁছেছে।
মাসকট
এবারের অলিম্পিকের মাসকট ভাই-বোন জুটি টিনা ও মিলো। টিনা কোর্তিনার প্রতীক এবং মিলো মিলানের। তাদের সঙ্গে থাকবে ছয়টি তুষারফুল চরিত্র।
নিরাপত্তা ব্যবস্থা
আয়োজক ইতালি জানিয়েছে, নিরাপত্তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে দেশটির কর্তৃপক্ষের হাতে। যুক্তরাষ্ট্রসহ কিছু দেশ নিজ নিজ কূটনৈতিক পর্যায়ে নিরাপত্তা সহায়তা দেবে, তবে মাঠ পর্যায়ে কোনো বিদেশি সংস্থা কাজ করবে না।
ব্যয় ও অর্থনৈতিক প্রভাব
মিলান–কোর্তিনা অলিম্পিকের মোট বাজেট ধরা হয়েছে প্রায় ৫ দশমিক ২ বিলিয়ন ইউরো। এর বড় অংশ অবকাঠামো উন্নয়নে ব্যয় হবে। ইতালির সরকার আশা করছে, প্রায় ২০ লাখ দর্শনার্থী আসবে এবং বিশ্বজুড়ে কয়েকশ কোটি মানুষ গেমস দেখবে। পর্যটন ও পরিবহন খাতে দীর্ঘমেয়াদি সুফল পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
এই গেমসের মধ্য দিয়েই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম নারী সভাপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করছেন কির্স্টি কভেন্ট্রি।
















