ডিএসইতে সামান্য পতন, সিএসইতে ঊর্ধ্বমুখী প্রবণতা
লেনদেনের শুরুতে বাজারে মিশ্র চিত্র
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২০ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ–এ সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে।
ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে ৫ হাজার ৮৫ পয়েন্টে অবস্থান করে। এ সময় ডিএসইর শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৯৬১ পয়েন্টে দাঁড়ায়।
এই সময়ের মধ্যে ডিএসইতে ১০৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৭টির শেয়ারদর বেড়েছে, ১৩৩টির কমেছে এবং ৮০টির দর অপরিবর্তিত রয়েছে।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে খান ব্রাদার্স, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, শাইনপুকুর সিরামিক, ডাচ বাংলা ব্যাংক, বিএসসি, লাভেলো আইসক্রিম, স্কয়ার ফার্মা ও ওরিয়ন ইনফিউশন।
বাজার বিশ্লেষণে দেখা যায়, লেনদেনের প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়েছিল। সকাল ১০টা ১০ মিনিটে সূচক ৪ পয়েন্ট কমে যায়। পরে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিলে সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১০৯ পয়েন্টে পৌঁছায়। এরপর আবার সূচকে কিছুটা সংশোধন আসে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় সিএএসপিআই সূচক ১০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২০৯ পয়েন্টে অবস্থান করে। এরপরও সূচকের গতি ঊর্ধ্বমুখী ছিল।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ে ১৭টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ৫টির কমেছে এবং ৬টির দর অপরিবর্তিত রয়েছে।
















