হাদির ওপর গুলির ঘটনার পর সতর্কতা, সীমান্তে টহল দ্বিগুণ ও যানবাহনে কড়াকড়ি তল্লাশি
কোনো অপরাধী যেন দেশ ছাড়তে না পারে—সদর দপ্তরের নির্দেশে বিশেষ ব্যবস্থা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্তসংলগ্ন এলাকায় যানবাহনে তল্লাশি বাড়ানো হয়েছে, যাতে কোনো অপরাধী দেশ ছেড়ে পালাতে না পারে। শুক্রবার রাত থেকেই এসব সতর্কতামূলক ব্যবস্থা কার্যকর করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বিজিবি–২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ জানান, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ এলাকা আখাউড়া, বিজয়নগর এবং হবিগঞ্জের কিছু সীমান্ত অঞ্চলে টহল কার্যক্রম স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ করা হয়েছে। অবৈধভাবে কেউ যেন সীমান্ত অতিক্রম করতে না পারে—সে বিষয়ে কঠোর নজরদারি চলছে বলে তিনি জানান।
এদিকে বিজিবি–৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নজরদারি ও তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসীদের অবৈধ পারাপার ঠেকাতে বিজিবি বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, সীমান্ত এলাকায় এই বাড়তি সতর্কতা চলমান তদন্তে সহায়তা করবে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।
















