২০% সচিবালয় ভাতার প্রজ্ঞাপন আজ— দাবিতে অবস্থানকারীদের সরাতে পুলিশের উপস্থিতিতে উত্তেজনা ছড়ালো
সচিবালয়ে কর্মরত সরকারি চাকরিজীবীদের ২০ শতাংশ সচিবালয় ভাতার সরকারি প্রজ্ঞাপন (জিও) বৃহস্পতিবার জারি করা হবে। তবে ঘোষণার আগেই আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের পুলিশ দিয়ে সরানোর চেষ্টা করলে সচিবালয়ে উত্তেজনা দেখা দেয়।
সচিবালয়ে কর্মরত সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের দাবি— ২০ শতাংশ সচিবালয় ভাতা— এর প্রজ্ঞাপন (জিও) বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জারি করা হবে বলে জানা গেছে। তবে ঘোষণার আগেই এ ভাতা চালুর দাবিতে সচিবালয়ে অবস্থান নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের সরাতে পুলিশের চেষ্টা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছে।
বুধবার সন্ধ্যা থেকে সচিবালয়ে অস্থিরতা দেখা দেয়। সরেজমিনে দেখা যায়, পুলিশ সচিবালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রবেশ করলে আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করেন। পুলিশের অনুরোধে সরে না গিয়ে তারা সচিবালয়ের সিঁড়ি ও গেটের সামনে বসে পড়েন এবং স্লোগান দিতে থাকেন—
“সচিবালয়ে পুলিশ কেন গায়ে হাত দিলো— জবাব চাই”,
“জিও চাই জিও চাই, জিও ছাড়া উপায় নাই”।
সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার দপ্তরের সামনে শত শত কর্মচারী জড়ো হয়ে অবরোধ গড়ে তোলেন, ফলে ভেতরে আটকে পড়েন অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ। পরে পুলিশ তাকে নিরাপদে বের করে আনে।
রাত পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক মন্তব্য করেননি।
















