উত্তেজনা এড়াতে কূটনৈতিক প্রচেষ্টার কথা বললেন প্রতিমন্ত্রী রিম আল হাশিমি
তেহরান থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার, দূতাবাস বন্ধের ঘোষণা
ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলায় সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছে দেশটির সরকার। এ কথা জানিয়েছেন আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি।গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এক ব্রিফিংয়ে রিম আল হাশিমি বলেন, সংযুক্ত আরব আমিরাত শুরু থেকেই স্পষ্ট অবস্থান নিয়েছে—ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।
তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত আত্মরক্ষা এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষার পূর্ণ অধিকার সংরক্ষণ করে। তবে দেশটি আঞ্চলিক উত্তেজনা বাড়াতে চায় না।রিম আল হাশিমি অভিযোগ করেন, সংযুক্ত আরব আমিরাতের অবস্থান বিবেচনা না করেই ইরান তাদের ওপর হামলা শুরু করেছে। এ পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলো সামরিক সংঘাত এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও জানান, সাম্প্রতিক পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাত তেহরানে তাদের দূতাবাস বন্ধ করার এবং রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তার ভাষায়, “আমাদের বার্তা স্পষ্ট—ইরানি হামলা অযৌক্তিক।”
প্রতিমন্ত্রী বলেন, চলমান উত্তেজনা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ খাতগুলো স্বাভাবিকভাবে কাজ করছে এবং দেশজুড়ে জনজীবন স্বাভাবিক রয়েছে।
















