ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া এই আসরে ভারত বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে। ২০২৪ সালে ক্যারিবিয়ান ও যুক্তরাষ্ট্রে শিরোপা জয়ের পর ঘরের মাঠে খেলায় ভারতকে ফেভারিট ধরা হলেও টি-টোয়েন্টির অনিশ্চয়তা পুরো টুর্নামেন্টকে করে তুলেছে আরও রোমাঞ্চকর।
সূচি ও শুরু
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ৭ ফেব্রুয়ারি ভোরে কলম্বোতে, যেখানে পাকিস্তান মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। একই দিনে আরও দুটি ম্যাচ হবে। গ্রুপ পর্বে মোট ২০ দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে, যা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর সুপার এইট পর্ব, সেমিফাইনাল এবং ৮ মার্চ আহমেদাবাদে ফাইনাল অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের কাঠামো
২০২৪ সালের মতোই এবারও ২০ দল নিয়ে হচ্ছে বিশ্বকাপ। প্রথম পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে এবং প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল যাবে সুপার এইটে। সুপার এইটে আট দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। সেখান থেকে সেরা চার দল সেমিফাইনালে উঠবে। প্রতিটি জয়ে দুই পয়েন্ট, পরিত্যক্ত ম্যাচে এক পয়েন্ট এবং পরাজয়ে শূন্য পয়েন্ট পাওয়া যাবে।
অংশগ্রহণকারী দল
সব টেস্ট খেলুড়ে দেশই এবারের বিশ্বকাপে খেলছে। ইতালি প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে, আর কানাডা ফিরেছে দীর্ঘ বিরতির পর। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে স্কটল্যান্ড তাদের জায়গা নেয়। ভারত-পাকিস্তান ম্যাচ সংক্রান্ত সিদ্ধান্তের কারণে পাকিস্তান তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে।
চারটি গ্রুপে দলগুলো হলো
গ্রুপ এ: ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস, পাকিস্তান, যুক্তরাষ্ট্র
গ্রুপ বি: অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে
গ্রুপ সি: ইংল্যান্ড, ইতালি, নেপাল, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ
গ্রুপ ডি: আফগানিস্তান, কানাডা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত
ভেন্যু
ভারতে পাঁচটি ও শ্রীলঙ্কায় তিনটি ভেন্যুতে ম্যাচগুলো হবে। ভারতের কলকাতা, মুম্বাই, চেন্নাই, দিল্লি ও আহমেদাবাদ এবং শ্রীলঙ্কার কলম্বো ও পাল্লেকেলে ম্যাচ আয়োজন করবে। ১ লাখ ৩২ হাজার দর্শক ধারণক্ষমতার আহমেদাবাদের স্টেডিয়ামে ফাইনাল হওয়ার কথা, তবে পাকিস্তান ফাইনালে উঠলে ম্যাচটি কলম্বোতে সরানো হবে।
নিয়মকানুন
প্রতিটি ম্যাচে ২০ ওভার করে খেলা হবে। ছয় ওভারের পাওয়ারপ্লে থাকবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করার নিয়ম কার্যকর থাকবে। টাই হলে সুপার ওভার দিয়ে ফল নির্ধারণ করা হবে। গ্রুপ পর্বে ফল পেতে কমপক্ষে পাঁচ ওভার খেলা বাধ্যতামূলক, আর নকআউট পর্বে তা ১০ ওভার।
আগের চ্যাম্পিয়নরা
২০০৭ ও ২০২৪ সালে ভারত, ২০০৯ সালে পাকিস্তান, ২০১০ ও ২০২২ সালে ইংল্যান্ড, ২০১২ ও ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ, ২০১৪ সালে শ্রীলঙ্কা এবং ২০২১ সালে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতেছে।
বিশ্বকাপ অনুসরণ
বিশ্বকাপের সব ম্যাচের বল-বাই-বল ধারাভাষ্য, লাইভ আপডেট, বিশ্লেষণ ও ভিডিও প্রতিবেদন পাওয়া যাবে বিবিসির ডিজিটাল প্ল্যাটফর্মে। যুক্তরাজ্যে সরাসরি সম্প্রচার করবে স্কাই স্পোর্টস।
















