ইইউ, ভারত, চীন, যুক্তরাষ্ট্রসহ প্রভাবশালী দেশগুলোর ধারাবাহিক বৈঠকে রাজনৈতিক অঙ্গনে কূটনৈতিক ব্যস্ততা
জাতীয় নির্বাচন ঘিরে প্রধান উপদেষ্টা ও বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের সঙ্গে একের পর এক বৈঠক বিদেশি মিশনগুলোর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, সরকার ও প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিরা।
সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, পাকিস্তান, তুরস্ক, মিসর ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা আলাদাভাবে রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করছেন।
শনিবার (১০ জানুয়ারি) একদিনেই বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিন দেশের রাষ্ট্রদূত ও ইইউ প্রতিনিধিরা। ওই দিন বিকেলে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। একই দিনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভারস আইজাবস, তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং মিসরের রাষ্ট্রদূত ওমর ফাহমি।
এর আগে শুক্রবার (৯ জানুয়ারি) পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। একই দিনে জার্মান রাষ্ট্রদূত ও অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গেও বিএনপি নেতার বৈঠক হয়। ৭ জানুয়ারি চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং ৬ জানুয়ারি ইইউ প্রতিনিধিদল তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গেও সাম্প্রতিক সময়ে কূটনীতিকরা বৈঠক করেছেন। সোমবার (১২ জানুয়ারি) ইইউ পর্যবেক্ষক মিশনের প্রধান ইভারস আইজাবস ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তার সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগেও ইইউ প্রতিনিধিদল জামায়াত নেতার সঙ্গে বৈঠক করে।
এ ছাড়া এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গেও বিদেশি কূটনীতিকদের যোগাযোগ বেড়েছে। শনিবার রাজধানীর একটি হোটেলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির নেতারা ইইউ পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেন। এর আগে ৪ জানুয়ারি মার্কিন দূতাবাসে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক হয়।
রবিবার (১১ জানুয়ারি) ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান পর্যবেক্ষকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করে।
নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই আন্তর্জাতিক মহলের নজর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও ভোটের পরিবেশের দিকে আরও বেশি কেন্দ্রীভূত হচ্ছে।
















