পর্যটক ভিসা স্থগিত, কর্মসূত্র ও ব্যবসায়িক ভিসা বহাল
দিল্লি ও আগরতলার পর এবার ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন থেকেও ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া বন্ধ করেছে বাংলাদেশ। ফলে আপাতত ভারতে কোথাও থেকেই বাংলাদেশে যাওয়ার পর্যটক ভিসা পাচ্ছেন না ভারতীয়রা।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, বুধবার থেকেই কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা প্রদান বন্ধ করা হয়েছে। দিল্লির বাংলাদেশ দূতাবাস ও আগরতলার উপদূতাবাসে এই ভিসা পরিষেবা আগেই বন্ধ ছিল। কলকাতা ছিল শেষ কেন্দ্র, যেখানে এতদিন পর্যটক ভিসা দেওয়া হচ্ছিল।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের ভাষ্য অনুযায়ী, ‘ভারতীয়দের নিরাপত্তা’ সংক্রান্ত বিষয় বিবেচনায় রেখেই বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে। সূত্রগুলো বলছে, আগামী অন্তত দুই মাস ভারতীয় পর্যটকদের জন্য বাংলাদেশে ভিসা পাওয়ার সম্ভাবনা নেই।
এই সিদ্ধান্তের ফলে বর্তমানে গোটা ভারতে বাংলাদেশে যাওয়ার জন্য কোনো পর্যটক ভিসা কার্যকর নেই। তবে এ বিষয়ে বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা বা বাংলাদেশ হাইকমিশন, দিল্লি—কোনো পক্ষই আনুষ্ঠানিক মন্তব্য বা বিবৃতি দেয়নি।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পর্যটক ভিসা বন্ধ হলেও ভারতীয় নাগরিকদের জন্য এমপ্লয়মেন্ট ভিসা (কর্মসূত্রে বাংলাদেশে যাওয়া), বিজনেস ভিসা (ব্যবসায়িক কাজ) এখনও চালু রয়েছে। পাশাপাশি ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্যও ভিসা দেওয়া অব্যাহত থাকবে।
কারণ হিসেবে বলা হয়েছে, এই ধরনের ভিসা বহুপদক্ষেপে যাচাই-বাছাইয়ের মাধ্যমে দেওয়া হয়। ফলে কে কোথায় যাচ্ছেন, কী উদ্দেশ্যে যাচ্ছেন এবং কোথায় অবস্থান করবেন—এসব তথ্য বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিস্তারিতভাবে থাকে, যা নিরাপত্তা নিশ্চিত করতে তুলনামূলকভাবে সহজ।
তবে পর্যটক ভিসার ক্ষেত্রে এমন পূর্ণাঙ্গ যাচাই প্রক্রিয়া কঠিন হওয়ায় আপাতত সাধারণ ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণ সীমিত রাখা হয়েছে। যদিও ‘বিশেষ ক্ষেত্রে’ দূতাবাস বা উপদূতাবাসের বিবেচনায় কিছু ভিসা দেওয়া হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
















