ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসির প্রজ্ঞাপন জারি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের সংরক্ষিত হালনাগাদ প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত তালিকায় বাংলাদেশ আওয়ামী লীগের বহুল ব্যবহৃত নৌকা প্রতীক নেই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সংরক্ষিত প্রতীকের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৫৯টি নিবন্ধিত দলের প্রতীক আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
প্রকাশিত তালিকায় মোট ৫৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের সংরক্ষিত প্রতীক অন্তর্ভুক্ত থাকলেও বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহ্যবাহী নৌকা প্রতীক সেখানে নেই। বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সভাপতি বা সাধারণ সম্পাদকের নাম, পদবি ও দলের ঠিকানা সংবলিত হালনাগাদ তথ্যসহ সংশ্লিষ্ট দল কর্তৃক মনোনীত প্রার্থীর জন্য সংরক্ষিত প্রতীকের তালিকা মাঠপর্যায়ের রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দযোগ্য প্রতীকের তালিকাও পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশসহ সংযুক্ত করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের অবশ্যই মনোনয়নপত্র দাখিলের সময় সংশ্লিষ্ট দলের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে। নির্বাচনী আইন ও বিধিমালা অনুযায়ী এই প্রক্রিয়া বাধ্যতামূলকভাবে অনুসরণ করতে হবে।
ইসির এই সিদ্ধান্ত ও হালনাগাদ তালিকা প্রকাশের ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিষয়টি আরও স্পষ্ট হলো বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
















